Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও মানুষের কল্যাণে বিএনপি কাজ করছে

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম বলেছেন, বিএনপি একটি গণমানুষের দল। রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর দক্ষিণপাড়ার ফকির বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি অসহায় পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণকালে তিনি এ কথা বলেন।

জসিম উদ্দিন জসিম বলেন, শুধু রাষ্ট্রীয় সম্পদ বিতরণ করেই অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানো সম্ভব নয়। আমরা প্রমাণ করতে চাই রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেও মানুষের মুখে হাসি ফোটানো যায়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান ও প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে করোনাকালীন সময় ও বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। লাশ দাফন থেকে শুরু করে বিভিন্ন সহায়তার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। আজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হলো, ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। কিন্তু ছাত্র-জনতা জ্বালিম সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। আগে আমরা লুকিয়ে মানুষের পাশে দাঁড়াতাম, এখন প্রকাশ্যে করতে পারছি। নেতাকর্মীদের বলব অসহায় মানুষের কল্যাণে সবসময় কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম বাকি, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম সরকার, সহসভাপতি মাসুদ আলম, আবুল কালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম ভূঁইয়া জুয়েল, উপজেলা যুবদল নেতা এডভোকেট আবদুল্লাহ আল মামুন, দুলালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম অপু, সাবেক ছাত্রদল নেতা বদিউজ্জামান জামাল, যুবদল নেতা আমিন মৈশান ও ইসমাইল হোসেন প্রমুখ।

বিএনপির পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে মোট ২ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।