নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে কন্টেইনারে আটকে পড়ে মালয়েশিয়ায় চলে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধি কিশোর রাতুল ইসলাম ফাহিম (১৪) মারা গেছেন। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে আর উঠতে পারেনি সে। পানিতে ডুবে তার মৃত্যু হয়। কিশোর রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের দিনমজুর ফারুক হোসেনের ছেলে।
ফাহিমের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, বুদ্ধিপ্রতিবন্দ্বী ফাহিম দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে পানিতে নামে। এ সময় সে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। কিছুক্ষণ পর আশপাশের লোকজন তার মরদেহ পুকুরে ভাসতে দেখে ডাক-চিৎকার শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ জানান, সংবাদ পেয়ে রাতুলের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন তিনি। দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তাও করেন। কোন অস্বাভাবিকতা না দেখায় প্রশাসনের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে নামাজে জানাজা শেষে রাতে তার মরদেহ দাফন করা হয়।
উল্লেখ্য, মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের দরিদ্র কৃষক ফারুক হোসেনের বড় ছেলে রাতুল ইসলাম ফাহিম ক'মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারে আটকা পড়ে মালয়েশিয়ার কেলং বন্দরে চলে যায়। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পরে বাংলাদেশ দুতাবাসের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির সহায়তায় তাকে ১ মাসের মাথায় বাংলাদেশে ফেরত এনে পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়।