Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

সাংবাদিক আনিস আলমগীরের গ্রেফতার ঘিরে বিতর্ক: সমালোচনার জায়গা কি সংকুচিত হচ্ছে

কুমিল্লার আলোড়ন ডেস্কঃ

ঢাকায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও উদ্বেগ।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টকশোতে বসে ‘নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের প্রোপাগান্ডা চালানোর’ অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরে মামলার সূত্র ধরে গ্রেফতার দেখানো হয়।

তবে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে অনেকের ধারণা। ফলে প্রশ্ন উঠেছে। এই গ্রেফতারের মাধ্যমে কি সরকারের সমালোচনা না করার বার্তা দেওয়া হচ্ছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র। সংস্থাটি বলেছে, একজন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ আইনটির উদ্দেশ্য ও পরিধির অপব্যবহারের শামিল এবং এটি ভিন্নমত দমনের একটি বিপজ্জনক নজির সৃষ্টি করতে পারে।

একই সঙ্গে সম্পাদক পরিষদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন বলছে, এই ঘটনা অতীতের ভয়ের সংস্কৃতির স্মৃতি উসকে দেয় এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করছে।

যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়নি। তবে আনিস আলমগীরের গ্রেফতারকে কেন্দ্র করে গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের ভবিষ্যৎ নিয়ে জাতীয় পর্যায়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।