লালমাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত
লালমাই প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কুমিল্লার লালমাইয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় হরিশ্চর বাজার থেকে এক বিশাল র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালিটি লালমাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হরিশ্চর বাজার চৌরাস্তা এসে শেষ হয়।
র্যালিতে লালমাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মাহফুজ নেতৃত্ব দেন। এতে উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালির পুরো এলাকা জুড়ে ছিল শ্লোগান, ব্যানার-প্ল্যাকার্ড ও জাতীয়তাবাদী সঙ্গীতে মুখরিত পরিবেশ।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, যুবদল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। বর্তমান দুঃশাসন ও অন্যায়ের বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে সত্য, ন্যায় ও গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে লালমাই উপজেলার ৯টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

