Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ২য় স্থান অর্জন লাকসামের কৃতি সন্তান শাফায়েত হোসেন

 

শাফায়েত হোসেন


রবিউল হোসাইন সবুজ, লাকসাম (কুমিল্লা): 

জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে ২য় স্থান অর্জন করেছেন লাকসামের দোগাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক মো. শাফায়েত হোসেন।

৫ অক্টোবর ২০২৫, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। প্রতি বছর এ দিনটি শিক্ষক সমাজকে সম্মান জানানো ও তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার এক অনন্য দিন হিসেবে পালিত হয়।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক নির্বাচন’ কার্যক্রমের অংশ হিসেবে শাফায়েত হোসেন প্রথমে উপজেলা, পরে জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন। সর্বশেষ জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জনের মাধ্যমে তিনি লাকসামের গৌরব আরও উজ্জ্বল করেছেন।

শিক্ষাক্ষেত্রে সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষণপদ্ধতি প্রবর্তনে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্রেণিকক্ষকে শুধুমাত্র পাঠদানের জায়গা নয়, বরং চরিত্র গঠনের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করেছেন তিনি। তার আন্তরিকতা ও নিবেদন শিক্ষার্থীদের কাছে তাকে শিক্ষক হিসেবে নয়, বরং এক অভিভাবকের মর্যাদায় স্থান দিয়েছে।
তার এই অর্জনে লাকসামের শিক্ষক সমাজ, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও গর্বের ঢেউ বয়ে গেছে। সকলে তার এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।