Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

কুমিল্লায় স্কুলে না গিয়েও প্রধান শিক্ষকের বেতন গ্রহণ!

কুমিল্লার মুরাদনগর উপজেলার কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা গ্রহণের অভিযোগ উঠেছে। প্রায় এক বছর ধরে তিনি বিদ্যালয়ে যোগ না দিয়েও সরকারি সব সুবিধা ভোগ করছেন বলে অভিযোগে জানা গেছে। এ ঘটনায় রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের উন্নয়ন খাতের অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য এবং শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার মতো নানা অনিয়মের সঙ্গে জড়িত। সহকারী শিক্ষকরা জানান, “তিনি প্রায় এক বছর ধরে স্কুলে আসেন না, কিন্তু নিয়মিত বেতন নিচ্ছেন। এতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে।” এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একাধিক লিখিত অভিযোগ দাখিল করেছেন। ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান বলেন, “প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। তার অনুপস্থিতি শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।” অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।