'তাজুল ইসলামের বিকল্প শুধু তিনি নিজেই, আমরা সবাই তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ'
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় লক্ষণপুর নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরী। সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলামের উন্নয়ন সমন্বয়কারী মো.কামাল হোসেন, লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিন উদ্দিন চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, আমাদের নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম একজন আলোকিত মানুষ। তাঁর যোগ্য নেতৃত্বের কারণে লাকসাম ও মনোহেগঞ্জ উপজেলা এখন উন্নয়নের রোল মডেল। যোগ্য নেতৃত্বের কারণে কুমিল্লা-৯ আসনে তাজুল ইসলামের বিকল্প শুধুমাত্র তিনি নিজেই। আমরা সকলে তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা.মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন রশীদ সেলিম, তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক মো.শহিদুল্লাহ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ওসমান গনি ভূঁইয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর মোশাররফ হোসেন বাবুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, এক সময় লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভায় এলে উন্নয়ন নিয়ে আপনাদের অনেক চাহিদা ও দাবি থাকতো। কিন্তু আজকের সভায় তেমনটা দেখা যায়নি। কারণ এরই মধ্যে আপনাদের অনেক দাবি ও চাহিদা আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম পূরণ করে দিয়েছেন। বাকী কাজগুলোও খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে- ইনশাআল্লাহ। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জন্য কাজ করতে হবে।

