৭৭ শিশুকে নিয়ে ডা. ফেরদৌসের ব্যতিক্রমী উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
কুমিল্লা প্রতিনিধিঃ
৭৭ শিশুকে নিয়ে ব্যতিক্রমী উদ্যোগে রাজধানীর গণভবন ও সংসদভবন এলাকায় দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। শেখ রাসেল ফাউন্ডেশনের ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের নেতৃত্বে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন সকাল ৯টার দিকে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগ ও সমন্বয়ে ৭৭জন শিশু প্লেকার্ডের মাধ্যমে এবং হাতে রজনীগন্ধা ফুল নিয়ে কেক কেটে আনন্দমুখর পরিবেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালন করেন। এর আগে শিশু-কিশোরদের নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গণভবনের সামনে থেকে শুরু হয়ে সংসদভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই কেককাটা হয়। এ সময় শিশু-কিশোররা এক কন্ঠে স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া শেখ হাসিনার আদলে এক শিশুকে সাজানো হয় অনুষ্ঠানে।
এ প্রসঙ্গে ডাক্তার ফেরদৌস খন্দকার বলেন, ৭৭ শিশুকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালনের সময় বঙ্গবন্ধু কন্যার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে। শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়ন আরও সমৃদ্ধি হবে। আগামী দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই আমরা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাব। আমরা বিজয় না নিয়ে ঘরে ফিরব না।
প্রসঙ্গত, ডা. ফেরদৌস খন্দকার এরই মধ্যে নিজের উপজেলা কুমিল্লার দেবিদ্বারের প্রতিটি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বেশ সাড়া ফেলেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ডা.ফেরদৌসের উদ্যোগে ৩০ জন ইমামকে দিয়ে দেবিদ্বারের উৎসব কমিউনিটি সেন্টারে কোরআন খতম এবং দোয়ার আয়োজন করা হয়। এছাড়া হিন্দু ধর্মের পুরোহিতদের মাধ্যমে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়।


