Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

দুই শতাধিক মুক্তিযোদ্ধাকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ডা.ফেরদৌসের শ্রদ্ধা

 

কুমিল্লা প্রতিনিধিঃ 

কুমিল্লার দেবিদ্বারের দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ডা.ফেরদৌস খন্দকার। শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ ও দেবিদ্বার শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে অংশ নিয়েছেন শেখ রাসেল ফাউন্ডেশ, দেবিদ্বার শাখার শিশুরাও।

বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে শ্রদ্ধা নিবেদন ছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ওইদিন দুপুর ২ টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ১৫ আগস্টের নিহতের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাসহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতির সুখ, শান্তি ও সম্মৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।

এদিকে, বেলা ৩ টায় সমাধিস্থলের অডিটোরিয়ামে শেখ রাসেলের হত্যাকাণ্ড নিয়ে একটি নাটিকা প্রদর্শন করা হয়। শিশু শেখ রাসেলকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে- সেটি নাটিকাতে তুলে ধরা হয়। এমন দৃশ্য দেখে অনেক মুক্তিযোদ্ধা ও শিশুরা কেঁদে ফেলেন। তারপর কেক কাটার মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।

অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শিশুদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় সকলে শপথ নেন নতুন প্রজন্মই সোনার বাংলা গড়বে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। শপথ বাক্য পাঠ করান শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকার। অনুষ্ঠান ও নাটিকার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক আল-আমিন বাবু।

এদিকে, বঙ্গবন্ধুর সমাধিতে যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের বেশির ভাগই আগে কখনো টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাননি। এজন্য পদ্মাসেতু হয়ে বঙ্গবন্ধুর সমাধিতে যেতে পেরে উচ্ছ্বাসিত তারা। ওইদিন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা বঙ্গবন্ধুর বাসভবন, বঙ্গবন্ধু জাদুঘর ও চারপাশের আঙ্গিনা ঘুরে দেখেন। এমন উদ্যোগের জন্য সকলে ডা. ফেরদৌসকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডা.ফেরদৌস খন্দকার এরই মধ্যে নিজের এলাকা কুমিল্লা-৪ সংসদীয় আসন দেবিদ্বারের প্রতিটি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বেশ সাড়া ফেলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় আছেন ডা.ফেরদৌস।