নির্বাচন বয়কটকারীরাই রাজনীতি থেকে ছিটকে পড়বে: সালাহউদ্দিন আহমেদ
1
কুমিল্লার আলোড়ন ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যারা বয়কট করবে, তারা নিজেরাই রাজনীতির মঞ্চ থেকে ছিটকে পড়বে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। কয়েকটি রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলেও তা কেবল তাদের কৌশল, জনগণ সেটি আমলে নেবে
তিনি আরও বলেন, দেশে এখন নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। তাই এ প্রক্রিয়ার বিরোধিতা করে মাঠের বাইরে থাকলে সেই দলগুলোর অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
‘জুলাই সনদ’ প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, বিএনপি কিছু বিষয়কে অযৌক্তিক মনে করছে, তবে আলোচনার মাধ্যমে সমাধান আসবে। সংবিধানের ঊর্ধ্বে কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের প্রশ্নে তিনি বলেন, বিএনপি কোনো জটিলতা চায় না। বর্তমান সরকারের মেয়াদেই নির্বাচন হবে এবং ভবিষ্যতে তত্ত্বাবধায়ক পদ্ধতি পুনর্বহাল হলে তা কার্যকর হতে পারে।
ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই। তবে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আলোচনা চলছে, কিছু ইসলামী দলকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।
সালাহউদ্দিন আহমেদ শেষ করেন এই মন্তব্য দিয়ে— “যারা অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জন করবে, তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।”

