কুমিল্লা মেডিক্যালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার (৩১ আগস্ট) সকাল থেকে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাসপাতালের সামনে গড়ে ওঠা সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ভেঙে দেওয়া হয়। যানজট সৃষ্টির অভিযোগে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি দোকানকেও জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।
প্রশাসন জানায়, অবৈধ দোকানপাট ও যানবাহনের কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে আগত রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়ছিলেন। আগে মাইকিং ও স্থানীয় পত্রিকায় সতর্কবার্তা দেওয়ার পরও অনেকে স্থাপনা সরাননি। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও ফাতেমা তুজ জোহরা বলেন, “হাসপাতালের সামনে জনস্বার্থে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাত ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

