লালমাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালমাই প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তায় যাত্রীবাহী একটি বাসের চাপায় আবু ইউসুফ (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার ছেলে কামাল হোসেন (৩২) ও নাতি আবদুল্লাহ আল সামির (১০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হরিশ্চর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ইউসুফ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আবু ইউসুফ ছেলে ও নাতিকে নিয়ে মোটরসাইকেলে হরিশ্চর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তাদের ধাক্কা দিলে সবাই রাস্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি উপকূল পরিবহনের বাস তাদের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আবু ইউসুফ।
খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি আদেল আকবর বলেন, “সকালে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাসচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়েছে।”

