লালমাইয়ে বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান

লালমাই প্রতিনিধি, কুমিল্লা আলোড়ন |
লালমাই উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। গত ২৫ আগস্ট এসব বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, লালমাই সেনা ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, লালমাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত), হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, ভুশ্চি ফাঁড়ি থানার ইনচার্জ, সকল ইউনিয়নের চেয়ারম্যান, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং সিএনজি চালক সমিতির প্রতিনিধিরা।
সভায় সকলের সম্মতি ও মতামতের ভিত্তিতে বাগমারা বাজার, ভুশ্চি বাজার, হরিশ্চর বাজার, আটিটি বাজার, গৈয়ারভাংগা বাজার, বাংলা বাজারসহ অন্যান্য বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ আগস্ট শনিবার বাগমারা বাজার থেকে ভুশ্চি রোডস্থ রেললাইন পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অংশ নেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, লালমাই থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ এবং বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ।
উল্লেখযোগ্য, ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারগুলোতেও এই ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে, যা জনদুর্ভোগ কমাতে এবং বাজারের পরিবেশ স্বচ্ছ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
