Featured

1
এখানে সার্চ দিয়ে খবর খুজুন

কুমিল্লা মহানগর যুবদলের সংবাদ সম্মেলন: চাঁদাবাজির সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই


আবু জাফর মোহাম্মদ সালেহ্।

কুমিল্লা মহানগরের চকবাজার এলাকায় যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছে কুমিল্লা মহানগর যুবদল। এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল। তিনি বলেন, “চকবাজারে কথিত চাঁদাবাজির ঘটনায় যেভাবে যুবদলের নাম ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। উক্ত ঘটনায় যার নাম এসেছে, তিনি কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য ছিলেন না, আমাদের কোনো সাংগঠনিক কাঠামো বা কার্যক্রমের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও বলেন, “যুবদল একটি নীতিবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক সংগঠন। আমরা বিশ্বাস করি— রাজনীতি মানে মানুষের সেবা করা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়া। কেউ যদি সমাজবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ে, সে যেই হোক না কেন, তার এ সংগঠনে কোনো স্থান নেই— ছিল না, ভবিষ্যতেও থাকবে না।”

ফয়সাল উর রহমান পাভেল বলেন, “আমরা কখনোই কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিই না। আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ভুয়া সংবাদ ছড়ানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি— ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

তিনি আরও যোগ করেন, “যুবদল সবসময় শান্তিপূর্ণ রাজনীতি, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনগণের কল্যাণে কাজ করে আসছে। যারা আমাদের এই অবস্থানকে বদনাম করতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও চিন্তা করছে সংগঠন।”