গ্রেপ্তার হওয়ার আগে যা বলেছেন ইমরান খান।
![]() |
| পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। |
ডেস্ক রিপোর্টঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর দ্য ডনের।প্রতিবেদনে দ্য ডন বলছে, দুটি মামলার শুনানির জন্য আজ দুপুরে আইএইচসিতে যান ইমরান। এসময় আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্স আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার করে। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে খারাপের দিকে না যায় সেজন্য ১৪৪ ধারা জারি থাকবে।
এদিকে, পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী ডনকে নিশ্চিত করেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে কেন আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হলো, সে বিষয়ে আইএইচসির প্রধান বিচারপতি আমির ফারুখ ইসলামাবাদ পুলিশ প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যার্টনি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সময় মতো আদালতে উপস্থিত না হলে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমন জারির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রধান বিচারপতি বলেছেন, ‘আদালতে আসেন ও আমাদের বলেন—কেন এবং কোন মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হলো?
| গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় ইমরান খান |
পাকিস্তানি সাংবাদিক এহতেশাম উল হক তাঁর টুইটার থেকে ইমরান খানের দেওয়া ভিডিওবার্তা প্রকাশ করেছেন। ভিডিওবার্তায় কর্মী–সমর্থকদের উদ্দেশে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান বলেন, ‘যতক্ষণে আমার কথা আপনাদের কাছে পৌঁছাবে, ততক্ষণে একটি অবৈধ মামলায় আমাকে বন্দী করা হবে। পাকিস্তানে আমাদের মৌলিক ও আইনি অধিকারের দাফন হয়ে গেছে। এরপর হয়তো আপনাদের সঙ্গে আমার কথা বলার সুযোগ হবে না। তাই দু-তিনটি কথা বলতে চাই।’
ইমরান খান বলেন, ‘প্রথমত, পাকিস্তানের মানুষ আমাকে ৫০ বছর ধরে চেনে। আমি কখনোই পাকিস্তানের আইনের বিরুদ্ধে যাইনি বা নিয়ম ভাঙিনি। ক্ষমতায় যাওয়ার পর আমি যত লড়াই করেছি তা আইনের গণ্ডির ভেতরে থেকে করেছি। এখন যা হচ্ছে সেটা আমি আইন লঙ্ঘন করেছি বলে হচ্ছে না, এসব করা হচ্ছে যাতে করে আমি সত্যের পথ থেকে পিছু হটি। এই দুর্নীতিগ্রস্ত চোরের দল ও আমদানি করা (বিদেশি মদদে ক্ষমতায় আসা) সরকারকে যেন আমি মেনে নিই।’Imran Khan’s recorded message. pic.twitter.com/MkCSPfTegj
— Shiffa Z. Yousafzai (@Shiffa_ZY) May 9, 2023
দুই মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিওবার্তার শেষ ইমরান বলেন, ‘আপনাদের সবার কাছে আমার আবেদন, ন্যায়ের জন্য লড়তে সবাই পথে নামুন। স্বাধীনতা কাউকে থালায় সাজিয়ে দেওয়া হয় না, এর জন্য লড়াই ও পরিশ্রম করতে হয়। এখন সময় এসেছে পথে নামার।’
ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর পিটিআই নেতারা কর্মী–সমর্থকদের রাস্তায় নেমে বিক্ষোভ করার ডাক দিয়েছেন। ইতিমধ্যে, ১৪৪ ধারা জারি করে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় টিভিতে প্রচারিত সংবাদে দেখা যায়, ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে জড়ো হয়েছেন পিটিআইয়ের কয়েকশ’ কর্মী–সমর্থক। সেখানে তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাত শুরু হয়।

